
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও যুগোপযোগী করা হবে। একইসঙ্গে পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে তাদের যৌক্তিক দাবি পূরণে সরকার কাজ করছে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরি করেও অনেক পুলিশ সদস্য পদোন্নতি থেকে বঞ্চিত হন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরের সময় কিছুসংখ্যক সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার চিন্তা করছে। বিশেষ নীতিমালার আওতায় ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যদের এ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও কর্মচাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। প্রয়োজনীয়তা বিবেচনায় নতুন উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণ ও আবাসন সংকট নিরসনে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গত দুই মাসে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। তাই সাইবার ক্রাইম মোকাবিলা ও আধুনিক অপরাধ দমনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।