সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সাহস থাকলে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হোন।
বুধবার (২০ মে) সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরাও চাই তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন। আদালত যদি তাকে খালাস দেয়, তাহলে তিনি মুক্তি পাবেন।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ অতীতে তিনি দেশ ত্যাগ করেছেন।
বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, কোনো প্রকল্পে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রকাশের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘটনাস্থলে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরে তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।