শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির শর্ত পূরণ করতে না পারায় ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে ১০১ জন প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। একই সঙ্গে আরও ৭ জনের সুপারিশ স্থগিত রেখে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পদের আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতার সঙ্গে প্রার্থীদের সনদের সামঞ্জস্য না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপিএসসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘ইন্সট্রাক্টর (ইংরেজি)’ পদে। প্রয়োজনীয় বিএড ডিগ্রি না থাকায় এ পদে ৫৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ‘ইন্সট্রাক্টর (বাংলা)’ পদে বিএড ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির ঘাটতির কারণে ১৭ জন বাদ পড়েছেন।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ‘জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার’ পদে প্রয়োজনীয় ডিগ্রি না থাকায় ১৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। একইভাবে কৃষি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট আরও কয়েকটি পদে যোগ্যতার শর্ত পূরণ না করায় কয়েকজন প্রার্থী বাদ পড়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের মোট ২ হাজার ৯৫৮টি পদের জন্য সাময়িকভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে নিয়োগ বিধিমালার শর্ত অনুযায়ী, পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিংবা সনদের সঙ্গে পদের সামঞ্জস্য না মিললে মনোনয়ন বাতিলের বিধান রয়েছে।
অন্যদিকে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় ১০ম গ্রেডের ৭ জন প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত করেছে কমিশন। এদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী শিক্ষক (ইংরেজি)’ ও ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদের প্রার্থীরাও রয়েছেন।
পিএসসি জানিয়েছে, স্থগিতাদেশ পাওয়া প্রার্থীদের আগামী বুধবার (৪ জুন) মধ্যে সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয়ের সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে জমা দিতে হবে।