
জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলে সরকারের কাছে প্রতীকীভাবে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন ধরনের সুবিধাভিত্তিক কার্ড দেওয়া হলেও মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না।
বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষ বিচার পাচ্ছে না। তাই আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।’
তিনি আরও অভিযোগ করেন, দেশে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রশাসনিক নানা ক্ষেত্রে সংকট বিরাজ করছে। আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাগুলোতে দালাল চক্রের প্রভাবের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে বলে তিনি দাবি করেন। তার মতে, এসব কারণে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থা কমছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি পুরোপুরি দূর হয়নি। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, গুম ও হত্যার মতো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অনেক ভুক্তভোগী বিচার চাওয়ার সাহস হারিয়ে ফেলছেন। এই পরিস্থিতি চলতে থাকলে জনগণের ক্ষোভ একসময় প্রতিক্রিয়ায় রূপ নেবে বলেও তিনি সতর্ক করেন।
পথসভায় তিনি সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।