
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল হলে ওই জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে সম্প্রতি মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন এবং ঈদের সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাধারণত এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।