
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই সিটির আরও ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনকালে বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণের অবস্থা সন্তোষজনক না হওয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় গাড়িতে সাথে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা দেখার সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার সড়কে প্রচুর ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়। এই দায়িত্বহীনতার প্রেক্ষিতেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তাদের ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর গাড়িতে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান সচল রাখা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত এই কর্মকর্তাদের প্রত্যাহারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার পদে মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান।