
কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। মূলত রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, তা সশরীরে যাচাই করতেই তার এই পরিদর্শন।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট দিয়ে বাসাবোর দিকে যায়।
এরপর পর্যায়ক্রমে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় এবং আদালত সড়ক দিয়ে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করবেন।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উল্লেখ করেন, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।