
দূর প্রবাসে ঈদুল আজহার সকালে দেশের দুই অঙ্গনের দুই শীর্ষ তারকাকে একসাথে এক ফ্রেমে দেখে চমকে গেছেন ভক্তরা। বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। সেখানেই এবার ঈদ উদযাপন করছেন তিনি। তবে ঈদের দিন সকাল সকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে একটি বিশেষ ছবি পোস্ট করে নেট দুনিয়ায় নতুন করে আলোচনার ঝড় তুলেছেন এই অভিনেতা।
প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, ভিনদেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে দুই তারকা হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। উৎসবের সকালে জায়েদ খানের পরনে ছিল লাল রঙের নকশা করা জমকালো কুর্তা-পাঞ্জাবি, সাদা পায়জামা এবং চোখে সানগ্লাস। বিপরীতে ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে দেখা গেছে একেবারেই সাদামাটা ও শুভ্র এক সেট পাঞ্জাবি-পায়জামায়।
ফেসবুকে ছবিটির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন: "ঈদ মোবারক"
লেখার পাশাপাশি তিনি একটি চাঁদের ইমোজি জুড়ে দেন এবং ছবিতে সাকিব আল হাসানকে ট্যাগও করেন।
বিনো দন ও ক্রীড়া জগতের এই দুই চেনা মুখকে ঈদের দিনে একসাথে দেখে লুফে নিয়েছেন অনুসারীরা। ছবিটি পোস্ট হওয়ার পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অজস্র ইতিবাচক মন্তব্য ও শুভেচ্ছাবার্তায় ভেসে যায়। সব মিলিয়ে, সুদূর আমেরিকায় সাকিব-জায়েদের এই ঈদ আড্ডা ভক্তদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।