
ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপের মুখে বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বা ভাড়া প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, বর্তমান সরকারের ‘১০০ দিন-জনদুর্ভোগ লাঘব’ কর্মসূচির অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের এই অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করবে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রাহক দুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ এই আনুষ্ঠানিক ঘোষণা এলো।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, এত দিন প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে প্রতি মাসে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হতো গ্রাহকদের। এসব চার্জের সাথে আরও ৫ শতাংশ ভ্যাট (VAT) যুক্ত থাকায় সাধারণ ভোক্তাদের মাসিক বিদ্যুৎ বিলের ওপর একটি অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছিল। এ নিয়ে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ বিরাজ করছিল।
সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে দেশজুড়ে কোটি কোটি প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকের মাসিক বিদ্যুৎ খরচ সরাসরি কমে আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের ওপর থেকে বাড়তি ব্যয়ের বোঝা অনেকটাই লাঘব হবে।