
ভারত থেকে সীমান্ত পুশইন বন্ধে কূটনৈতিকভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ, পাশাপাশি সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে থেকে পুশইনের চেষ্টা প্রতিহত করছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে অবস্থান করা ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই দুই দেশকে কাজ করতে হবে।
তিনি আরও মন্তব্য করেন, পুশইনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে পুশইনের ঘটনা রোধে দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় বিজিবির শক্ত অবস্থান রয়েছে। এসব এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয়দের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
এদিকে সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বিজিবির ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত নয়াদিল্লিতে শুরু হয়েছে। আলোচনায় পুশইন, সীমান্ত হত্যা এবং সামগ্রিক ব্যবস্থাপনা গুরুত্ব পাবে বলে জানা গেছে।