
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর অবশেষে কাটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতনের স্থবিরতা। তীব্র মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বা নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন এই কাঠামোতে সব গ্রেডেই মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকার আশা করছে, এই পদক্ষেপের ফলে আমলাতন্ত্রে স্বচ্ছতা ফিরবে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে।
আজ শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর নতুন এই স্কেল দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "গত ১১ বছর পে-স্কেল হয়নি, কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। আমরা আশা করছি, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে।"
গত বৃহস্পতিবার (১১-ই জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, "আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।"
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমছে
নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মধ্যকার বেতনের বৈষম্য কিছুটা কমিয়ে আনা হয়েছে। এবারের স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮ (যা আগে ছিল ১:৯.০৭৬)। এর আগের কমিশনগুলোও সাধারণত একই রকম আনুপাতিক ব্যবধান বজায় রাখত।
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ছে মূল বেতন
নতুন কাঠামো অনুযায়ী ১ম থেকে ২০তম গ্রেডের সংশোধিত বেতনের তালিকা নিচে দেওয়া হলো:
গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।
গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।
গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।
গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।
গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।
গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।
গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।
গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।
গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।
গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।
গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।
গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।
গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।
গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।
গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।
গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।
গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।
গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।
কার্যকরের সময়সীমা: নতুন এই বেতন কাঠামোটি আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে সরকার।