
বাংলাদেশ পুলিশ-এর ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) এবং প্যান্ট থাকবে খাকি রঙের। একই সঙ্গে মেট্রোপলিটন পুলিশের জন্য শার্ট নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ) রঙ।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ–এর পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
সংশোধিত নিয়ম অনুযায়ী, আগে ব্যবহৃত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের বদলে খাকি ট্রাউজার ব্যবহার করা হবে। পাশাপাশি জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে।
তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট থাকবে লাইট অলিভ রঙে।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তারা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
এছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।