
দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই কম্পন হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর। এটি ঢাকা আবহাওয়া অফিস থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার–এর তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫।
এরও আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ওই সময় রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার কেন্দ্র ছিল ভুটান।