
বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত দিয়াওইউতাই স্টেট গেস্টহাউস-এ স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র জানিয়েছে, দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।