
বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকের পর বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৫টি সমঝোতা স্মারকে সই করেছে ঢাকা ও বেইজিং।
বুধবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, নতুন এসব সমঝোতা চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।
তিনি বলেন, বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন।
মাহদী আমিন আরও জানান, বৃহস্পতিবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার ভাষ্য অনুযায়ী, চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে আলোচনাগুলো থেকে ইতিবাচক ফলাফল আসবে বলে সরকার প্রত্যাশা করছে, যা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
সরকারের আশা, চলমান সফরের মাধ্যমে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য কৌশলগত খাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত হবে।