
দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে বাংলা কিউআর ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এর ফলে একক কিউআর কোড ব্যবহার করে দেশজুড়ে প্রায় ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে পেমেন্টের সুযোগ পাবেন গ্রাহকেরা। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুবিধাও চালু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে নগদ প্ল্যাটফর্মে বাংলা কিউআর ও এনপিএসবি সেবা চালু করা হয়। এ উপলক্ষে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, প্রশাসক দলের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগদ জানিয়েছে, এখন থেকে দেশের যেকোনো দোকান, বিপণিবিতান, রেস্তোরাঁ বা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি নগদ অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। এতে বিভিন্ন ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহারের প্রয়োজন থাকবে না।
প্রতিষ্ঠানটির মতে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীরাও সুবিধা পাবেন। একাধিক কিউআর কোডের পরিবর্তে একটি সমন্বিত কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে। ফলে লেনদেন প্রক্রিয়া আরও সহজ হবে এবং বিদ্যমান জটিলতা কমবে।
একই সঙ্গে এনপিএসবি সেবা যুক্ত হওয়ায় দেশের যেকোনো ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্ট থেকে নগদ ওয়ালেটে অর্থ স্থানান্তর করা যাবে। আবার নগদ থেকে ব্যাংক হিসাব ও অন্যান্য মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টেও তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানোর সুযোগ মিলবে। এতে ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগভিত্তিক লেনদেন আরও সহজ হবে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একক কিউআরভিত্তিক এই ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত করবে এবং নগদবিহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এনপিএসবি যুক্ত হওয়ার ফলে দেশের ব্যাংকিং খাতের সঙ্গে নগদের তাৎক্ষণিক সংযোগ তৈরি হয়েছে। এখন গ্রাহকেরা যেকোনো সময় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্ট থেকে নগদে এবং নগদ থেকে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন। এতে দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।’
নগদের দাবি, বাংলা কিউআর ও এনপিএসবি সেবা চালুর ফলে দেশে ডিজিটাল লেনদেনের বিস্তার আরও বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।