
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরেও এই নীতির বার্তাই তুলে ধরা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে কাজ করে যাবে।’
ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এ পদক্ষেপে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না। বরং এর মাধ্যমে দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলচ্চিত্র শিল্পের বিকাশ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, ‘যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, সরকার সব সময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
অনুষ্ঠানে বিসিটিআইয়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে কোর্স সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।