
অনলাইন সাংবাদিকতাই বর্তমানে মানুষের তথ্য পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর একটি হোটেলে আয়োজিত ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “এখন সময়টা অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার। এটাই মানুষ উপভোগ করছে। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য এবং যোগ্যতারও স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “আমি প্রায়ই বলি, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমার দুর্ভাগ্য যে, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের দূরদর্শিতা সত্যিই অনন্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন মো. নূরুল করিম ভূঁইয়া, তাজুল ইসলাম রুমেল এবং ইবনুল ইরফানসহ বিভিন্ন গণমাধ্যম ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা।