
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপিল বিভাগ ঋণখেলাপির দায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করার পর তিনি বলেন, এ আসনের ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।
মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।
তিনি বলেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই আসনের ভোটাররা পুনরায় ভোট দিতে পারবেন।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এ রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণখেলাপির অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।
পরবর্তীতে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করে নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচিত হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।