
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর লেক রোড এলাকায় এআই ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা সড়ক মোড়ে এআই ক্যামেরা স্থাপন ও চালু করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩৮ হাজার সমন জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে ডিজিটাল ও কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দেওয়ার উদ্যোগ নেয়। গত মাস থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
এদিকে পরিবহন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন যানবাহনের চলাচল অব্যাহত থাকলে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর করা কঠিন হবে। তাদের মতে, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য সব ধরনের যানবাহনকে নিবন্ধনের আওতায় আনা জরুরি।