
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক তৈরি করেছে। দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইয়াও ওয়েন জানান, অর্থনীতি, অবকাঠামো ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বেইজিং তার পূর্বের অবস্থানে অটল রয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, এর আগে একটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেছিল। এখন বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে পরবর্তী কারিগরি মূল্যায়ন ও পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।