
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটি’র সভা শেষে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভাষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনকে দয়া বা সহানুভূতির বিষয় হিসেবে নয়, বরং অধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি স্থাপনাগুলোতে প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথ ও টয়লেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উৎসাহিত করছে এবং এসব যানবাহনকে ধাপে ধাপে প্রতিবন্ধীবান্ধব করার পরিকল্পনা রয়েছে।
চলতি অর্থবছরে ‘শিশু স্বর্গ’ কর্মসূচির আওতায় দেশের অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।
সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা ও বিশেষত্বকে সামনে নিয়ে আসতে চায় সরকার। রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার অধিকারভিত্তিক সম্পর্ক বাস্তবায়নের মাধ্যমেই তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।