
আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তর প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।
তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচার করা আইনগতভাবে নিষিদ্ধ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত—প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, সরকারের প্রত্যাশা, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।