
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা এবং পাহাড়ধসের ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শোকবার্তা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, "চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।"
উল্লেখ্য, টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।