
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে দোহার উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সফরকালে স্পিকার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন। আগামী ১৬ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
কাতারের আমিরের দপ্তর রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ঢাকায় কাতার দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করার পর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানান।
উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কাতার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।
তার শাসনামলেই ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাত্রা শুরু হয়। এছাড়া কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন, স্থানীয় সরকার নির্বাচন চালু এবং নারীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কারও তার সময়েই বাস্তবায়িত হয়।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে আমিরের দায়িত্ব অর্পণ করেন।