
বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’। নতুন এই আইনের মাধ্যমে পূর্বের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে, যা কার্যকর না হওয়ায় দীর্ঘদিন ধরেই বাস্তবায়ন হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ সরকারি গেজেটে প্রকাশিত হলেও সেটি কখনো বাস্তবায়নের পর্যায়ে যায়নি। বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায় সরকার কেবল বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নয়, বরং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বহুমুখী শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।
নতুন আইনের আওতায় প্রতিষ্ঠিত হতে যাওয়া বগুড়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিকবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞানের বিভিন্ন উদীয়মান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সরকারের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়টিকে উচ্চশিক্ষা ও গবেষণার একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যাতে বিভিন্ন শাখায় শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিস্তৃত একাডেমিক সুযোগ সৃষ্টি হয়।