
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, সরকারের অস্বস্তি তৈরি করতে একটি মহল পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দুএকটি জেলায় ও ঢাকায় দুএকটি স্পটে দেখেছি, তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথা-বার্তা বলছে। হয়তো মিডিয়াতে এসেছে, এ জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায় এ রকম কিছু মহল তো আছেই। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়—সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই দেখা গেছে আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না।’
সালাহউদ্দিন আহমদ জানান, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ও এ ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। আর শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।’
এ সময় তিনি আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।