
বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার সচিবালয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হলেও ফিফাকে নির্ধারিত অর্থ পরিশোধের পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের উদ্যোগের বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিল—বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় করা যাবে না। সেই নির্দেশনা অনুসরণ করেই ২০২৬ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে ফিফার কাছ থেকে কেনা হয় এবং দেশের চারটি গণমাধ্যমের মাধ্যমে সফলভাবে সম্প্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুরো আয়োজন শেষে সর্বোচ্চ ৩ থেকে ৪ কোটি টাকার ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে অর্জিত আয় দিয়েই পূরণ করা সম্ভব হবে। ফলে সরকারি তহবিল থেকে এ খাতে কার্যত কোনো অর্থ ব্যয় হয়নি বললেই চলে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী দাবি করেন, অতীতের অনিয়মের বিপরীতে বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করেছে।