
জনগণের করের অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করে তা সরাসরি জনকল্যাণে ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, গ্রামীণ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অতীতে জনকল্যাণের জন্য বরাদ্দ হওয়া অর্থের বড় একটি অংশ দুর্নীতি ও অনিয়মের কারণে যথাযথভাবে ব্যয় হতো না। অনেক প্রকল্প কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকত। বর্তমান সরকার সেই চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের অর্থ জনকল্যাণে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গ তুলে মো. আসাদুজ্জামান বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্যও বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সরকারের অগ্রাধিকার। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান ও জেলা প্রশাসক মোতাকাব্বির আহমদ বক্তব্য দেন।
এ সময় পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ১৮২ জন উপকারভোগীর মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে আইনমন্ত্রী মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজিত একটি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।