
ইরানের তেল শিল্পের কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের দাবি, এমন কোনো পদক্ষেপ নিলে মার্কিন বাহিনীকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
সোমবার, ২০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
বাঘেই বলেন, খার্গ দ্বীপে স্থল অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রবেশের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, তেহরানের অনেক শীর্ষ কর্মকর্তা এমন পরিস্থিতির জন্য ‘মিনিট গুনছেন’ এবং সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশ উপকূল থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপকে ইরানের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
ইরানের দাবি, চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার খার্গ দ্বীপ দখলের ইঙ্গিত ও হুমকি দিয়েছেন। সেই প্রেক্ষাপটেই সর্বশেষ এই কঠোর প্রতিক্রিয়া জানাল তেহরান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে রাষ্ট্রের সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।