
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের ৪ লাখ ৬৯ হাজার ৪৮০টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সরকারি আইনি সহায়তা কার্যক্রমের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪১৩টি, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬১ হাজার ৪২২টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪৫টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা গ্রহণ করেছেন। সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে, সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৬৯৬ জন, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লাখ ২০ হাজার ৪৪ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ২২০ জন আইনি সেবা পেয়েছেন।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন (টোল-ফ্রি ১৬৬৯৯) এবং কারাগারভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এ সেবা প্রদান করা হচ্ছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।