
দায়িত্ব গ্রহণের পরদিনই মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর শক্তিশালী ‘ব্লু ওয়াটার নেভি’ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সমুদ্রসীমা এবং সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও সক্ষম ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান।
এ লক্ষ্য অর্জনে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।