
হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগে ২০২৬ সালের হজ মৌসুমের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের হজযাত্রার জন্য বিমান টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, “গত বছর আমরা প্রতি টিকিটে ১২ হাজার টাকা খরচ কমাতে সক্ষম হয়েছিলাম। এ বছর আমরা টিকিটপ্রতি খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি।”
প্রতিমন্ত্রী জানান, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর অনুরোধও সৌদি সরকারের কাছে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে।’
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, বাংলাদেশের মোট হজযাত্রীর মধ্যে প্রায় ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। তিনি হজ এজেন্সিগুলোর মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং হজপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।