
দীর্ঘদিন ধরে উৎপাদনের বাইরে থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় সচল করতে সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্দেশ দিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই এসব শিল্পকারখানা চালুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে উৎপাদন পুনরায় শুরু করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের তথ্য নিশ্চিত করেন তার উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, বহুদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রশাসনিক জটিলতা কমিয়ে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন দ্রুত শুরু করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২০২৬ সালের মধ্যেই পুরো কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।