
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
মাতারবাড়িতে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
পরে বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন তারেক রহমান। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।