
যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে ইসরাইল বলছে, পরিকল্পনাটির সর্বশেষ ধাপে তারা সম্মতি দেয়নি।
হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শান্তি পরিকল্পনার শেষ ধাপ বাস্তবায়নে সংগঠনটি সম্মত। এই ধাপের অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত গাজায় গঠিত হতে যাওয়া নতুন ফিলিস্তিনি শাসক কমিটির কাছে হামাস অস্ত্র হস্তান্তর করবে।
এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনার আওতায় হামাসের নিরস্ত্রীকরণে সম্মত হওয়ার বিষয়টিকে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেন।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার স্পষ্ট করে বলেন, বোর্ড অব পিসের উপস্থাপন করা খসড়া পরিকল্পনার বিষয়ে ইসরাইল সম্মতি দেয়নি।
ফলে হামাস পরিকল্পনাটির শেষ ধাপ বাস্তবায়নে প্রস্তুতির কথা জানালেও ইসরাইলের অবস্থানের কারণে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।