
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি এই স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র’ হিসেবে উল্লেখ করেন তিনি।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান এ এলাকার অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা করে আসছেন। আন্তঃধর্মীয় সংলাপের মধ্য দিয়ে সেই ঐতিহ্য আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে তুলনামূলকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। আর এজন্য দেশের সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক বজায় রাখা জরুরি। তাঁর মতে, এটি শুধু শান্তি ও সহাবস্থানের বিষয় নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও সরাসরি যুক্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক খাতের পণ্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। পাশাপাশি বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে কাজ করে এবং সেখান থেকে দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠায়।
তিনি আরও বলেন, তৈরি পোশাক রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। সেই বিনিয়োগও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের ‘ঘনিষ্টতম এবং জরুরি বন্ধু এবং মিত্র’।
প্রায় এক ঘণ্টার আন্তঃধর্মীয় সংলাপটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সভাপতিত্ব করেন গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ। এতে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।
অনুষ্ঠান শেষে দুপুরে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।