
সপ্তাহের শেষভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলেও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূল ও আশপাশের এলাকায় থাকা স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
অন্যদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।