
ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।
রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে সাদিকুর রহমান খান লেখেন, শেখ হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখলাম।
পোস্টে তিনি আরও দাবি করেন, বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি, একই সঙ্গে সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে।
সাদিকুর রহমান খান লেখেন, তেল, গ্যাস, সংস্কার ও দুর্নীতির মতো বিভিন্ন বিষয়ে তিনি সরকারের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে দিল্লির চাপ ও আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন তিনি। এ প্রসঙ্গে তিনি লেখেন, দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলা, এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।
দেশের স্বার্থের প্রশ্নে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির প্রসঙ্গে ঐক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সাদিকুর রহমান খান আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত, শতমত থাকুক। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা আর দিল্লির প্রশ্নে এক মুহূর্তের জন্যও আমাদের আলাদা হওয়ার উপায় নেই।
‘দিল্লি না ঢাকা?’—এই প্রশ্নের উত্তর জুলাইয়ে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সেই অবস্থানের প্রতিফলন সরকারের সাম্প্রতিক বিবৃতিতে দেখতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে সাদিকুর রহমান খান লেখেন, দিল্লি না ঢাকা? প্রশ্নের জবাব জুলাইতে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ বুঝি এমন তীব্রই হয়!