
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ছয় মাস আগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হলে শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার দুই তরুণী হলেন—জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) এবং সুমা বড়াল ওরফে ডলি (২৯)।
ধানমন্ডি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন রোববার ঢাকার আদালতে দুই আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত উভয়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানিতে জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া জামিনের আবেদন করেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দেওয়া পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, দুই তরুণীকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি গত ২৬ ফেব্রুয়ারির ঘটনা নিয়ে করা মামলা। মামলাটি ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন সদস্য ধানমন্ডির ৩ নম্বর সড়কে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন।
পুলিশের দাবি, সকাল সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে তারা কয়েকজনকে আটক করে। এ সময় অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, বাংলাদেশ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চালাতে তারা সেখানে সমবেত হয়ে মিছিল করছিল।
এই ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ছয় মাস আগের ওই মামলাতেই এবার ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক জান্নাতুল ফেরদৌস ও সুমা বড়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত দুই তরুণীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তাদের আইনজীবী লিটন মিয়া বলেন, ছয় মাস আগের মামলায় গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তাদের নাম ছিল না।