
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে এবং বিভিন্ন অপরাধে সহযোগিতা করেছে, সেই ‘দালাল সাংবাদিকরা’ এখন কারাগারে রয়েছে। সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখতে অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিং বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সার্কিট হাউসের তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র ও সমাজকে কার্যকরভাবে এগিয়ে নিতে গণমাধ্যমকে আরও শক্তিশালী করা প্রয়োজন। সাংবাদিকতাকে এমন একটি পেশা হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মেধাবী ও নৈতিকতাসম্পন্ন মানুষ আকৃষ্ট হন।
তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে না।
ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিবিদদের মতো সাংবাদিকদেরও ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার ও সক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও শেয়ারবাজার লুট, গুম-খুনসহ বিভিন্ন অপকর্মের পক্ষে সাফাই গাওয়া হলে জনগণ তা মেনে নেয় না।
তিনি বলেন, এর পরিণতি দেখা গেছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ‘অসম্মানজনক পতনের’ মধ্য দিয়ে।
সাংবাদিকতার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ প্রেস কার্ড ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও বিভিন্ন ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছে। আরেকটি অংশ ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে।
তিনি বলেন, ‘তথাকথিত এই দালাল সাংবাদিকরা আজ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কারাগারে অবস্থান করছে। মূলধারার পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এদের চিহ্নিত করতে হবে।’
স্বাধীন গণমাধ্যমের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম শতভাগ স্বাধীনতা ভোগ করছে। সরকার প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করে একটি আধুনিক মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে।
তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং কিংবা মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।