
বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ‘বরেন্দ্র এক্সপ্রেস’-এর শত শত যাত্রী। জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনটির একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরই হঠাৎ একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
হঠাৎ এ ঘটনায় জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানো হয় সান্তাহার জংশন স্টেশন থেকে। পরে উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত কয়েল স্প্রিংটি সাময়িকভাবে মেরামত করেন। এরপর বরেন্দ্র এক্সপ্রেসকে জয়পুরহাট স্টেশনে সরিয়ে নেওয়া হয়।
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।