
চালক ও পথচারীদের সচেতন করা গেলে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন এবং প্রতি ১০ কিলোমিটারের মধ্যে একটি করে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সড়কমন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এ সংখ্যা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন করার জন্যও সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রতি ১০ কিলোমিটার অন্তর একটি করে অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর যাতে নিকটতম অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে।
এ সময় ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের কথাও জানান সড়কমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সারা দেশে মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসাসেবা জোরদারে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেল উদ্বোধন করা হয়।