
চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হলে শিক্ষা খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংজুতে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন লাঞ্চ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চীনা ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলা এবং যৌথ গবেষণার মাধ্যমে উদ্ভাবনমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষা সহযোগিতা বিষয়ক এ দ্বিপক্ষীয় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।
অনুষ্ঠানে চীনের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও অংশ নেন। তাঁদের মধ্যে আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ এবং জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউ উল্লেখযোগ্য।
চীনা বিশ্ববিদ্যালয়গুলোর এসব প্রতিনিধি বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।:::