
রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে এরই মধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ। পাশাপাশি শহরের সৌন্দর্যবর্ধনেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ৬ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউজে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখান থেকে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তাঁর।
কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করবেন রাষ্ট্রপতি। পরে বিকেলে যোগ দেবেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।