
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থীরা এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যাতায়াত ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন। তাবলিগ জামাতের দুই পক্ষের পৃথক ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে ইজতেমা সাধারণত দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।