
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
আহত সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরে আহত সেনা কর্মকর্তা এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সাহস জোগানোর পাশাপাশি সান্ত্বনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। ওই অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের পর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন। গুরুতর আহত হন আরও একজন সেনা কর্মকর্তা। পরে আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সমবেদনা
দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।