
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের বাকি কাজ আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শেষ করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে রোববার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ আরও ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়া এবং জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে।
দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড অনুসরণ এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রোসাটমের মহাপরিচালক প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।
বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।