
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্কের প্রতি তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টি তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন এবং রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে এমন উদ্যোগের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।