
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই কূপের লোকেশন-সি থেকে প্রতিদিন প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কূপটির উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। কূপ খননের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।
সূত্র আরও জানায়, কূপ খননের আগে গত বছরের ১০ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র স্থাপন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল মোবিলাইজেশনের কাজ সম্পন্ন করা হয়।
দেশের জ্বালানি চাহিদা পূরণে বিজিএফসিএলের অধীনে আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদনের পাশাপাশি দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া তিতাস গ্যাসক্ষেত্রের সাতটি কূপে ওয়ার্কওভার এবং দুটি লোকেশনে ছয়টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজও চলমান রয়েছে।